ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘গরু’ কিংবা ‘ওম’ শব্দগুলো শুনলে কিছু মানুষ চমকে ওঠেন। এটা দুর্ভাগ্যজনক। গতকাল উত্তরপ্রদেশের মথুরায় এক রোগ প্রতিরোধ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি এই কথা বলেন। একই রাজ্যে একটি পরিচ্ছন্ন কর্মসূচিতে অংশ নিয়ে নিজের হাতে প্লাস্টিক পরিষ্কার করেন প্রধানমন্ত্রী মোদি।
জাতীয় পশু রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি এবং সেইসঙ্গে কৃষকদের জন্য অন্যান্য প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী মোদি বলেন, কিছু মানুষ ‘গরু’ এবং ‘ওম’ এর মতো শব্দ শুনলে তাদের চুল খাড়া হয়ে যায়। তারা ভাবতে থাকেন দেশ ষোড়শ শতাব্দীতে ফিরে যাচ্ছে। তিনি প্রশ্ন করেন, পশু ছাড়া গ্রামীণ অর্থনীতির কথা কি কেউ বলতে পারবেন?
প্লাস্টিক পরিষ্কার মোদির
উত্তরপ্রদেশে একটি স্বচ্ছ অভিযানের কর্মসূচিতে অংশ নিয়ে মহিলা পরিচ্ছন্ন কর্মীদের পাশে থাকতে দেখা গেল স্বয়ং প্রধানমন্ত্রী মোদিকে। ঐ মহিলা কর্মীদের সঙ্গে শুধু কথা বলাই নয়, তাদের কাজে হাত মিলিয়ে মাটিতে বসে বর্জ্য থেকে প্লাস্টিক পরিষ্কার করতেও দেখা যায় মোদিকে। এর আগে একক ব্যবহারযোগ্য প্লাস্টিক অবসানের বার্তা দেন প্রধানমন্ত্রী। ‘স্বচ্ছতাই সেবা কর্মসূচি’র অংশ হিসাবে ২৫ জন পরিচ্ছন্নতা কর্মীর সঙ্গে দেখাও করেন প্রধানমন্ত্রী। —এনডিটিভি
