ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ০১:৫৩

ব্রাহ্মণবাড়িয়ার  শহরতলীর ঘাটুরায় ৮ বছরের শিশু শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় গ্রেফতার ধর্ষক কাজী পাপেলের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার  কুমিল্লা-সিলেট মহাসড়কে ঘাটুরা বাসস্ট্যান্ড মোড়ে আয়োজিত মানববন্ধনে এলাকাবাসী ছাড়াও ঘাটুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: ট্রেনে অবৈধ পণ্য পরিবহনরোধে স্টেশনে বডি স্ক্যানার স্থাপনের সুপারিশ

মানববন্ধনে বক্তব্য রাখেন সুহিলপুর ইউপি সদস্য মহসিন খন্দকার, কাজী জমির আলীসহ স্থানীয়রা। এ সময় বক্তারা গ্রেফতার ধর্ষক পাপেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।পরে ধর্ষকের ফাঁসির দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে।

উল্লেখ্য, গত ২২ আগস্ট দুপুরে ঘাটুরা গ্রামের আনু মিয়ার বাড়িতে দুধ নিয়ে গেলে কাজী আনু মিয়ার ছেলে কাজী পাপেল শিশুটির মুখ চেপে একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

ইত্তেফাক/এমআরএম