মিথ্যা একটি সুন্দর শিল্প
আমি তাকে শ্রদ্ধা করি
মিথ্যা একটি কালো আগুনের শিখা
তার আদরে আমরা ডুবে ডুবে মরি।
মিথ্যা সময়ের উত্তম শিষ্টাচার
আমিত্ব প্রতিষ্ঠায় যাকে
হূদয়ের অতলে লুকিয়ে ফেলি।
মিথ্যা নিয়ন নিঃশ্বাসের মতো
অস্তিত্বের দানবিক ধ্বনি
বাড়ির ছাদে উঠে যায় ঢেউ
শুধুই মিথ্যের গর্জন শুনি।
সত্যরা গুলিবিদ্ধ আশ্রয়হীন
অথবা ভাসমান হকারের বুলি
যতসব শ্রদ্ধেয় মিথ্যেবাদীরা
আপনাদের কুর্নিশে দু-হাত তুলি।
