সিঙ্গাপুরে ভালো খেলেও হারল মেয়েরা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৬

সিঙ্গাপুরে এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশ নারী হকি দল। গতকাল সন্ধ্যায় সিঙ্গাপুরের স্যাং ক্যাং স্টেডিয়ামে বাংলাদেশ ০-১ গোলে হেরেছে হংকংয়ের বিপক্ষে।

বাংলাদেশের এটি তৃতীয় ম্যাচ এবং দ্বিতীয় হার। প্রথম খেলায় স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল। দ্বিতীয় খেলায় ২-০ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে বিদেশের মাটিতে প্রথম ইতিহাস সৃষ্টি করেছিল বাংলার নারী খেলোয়াড়রা। রিতু খানম,  রিয়া আক্তার স্বর্ণা, সুমি আক্তার, জোয়ারিয়া ফেরদৌস জয়িতা, মুক্তা খাতুন, রিয়া মনি, পারভিন আক্তার, লিমা খাতুন, ফারদিয়া আক্তার রাত্রি, সানজিদা আক্তার সাথী, সানজিদা আক্তার মনি, মুকসেদা আক্তার, নাদিরা, নমিতা কর্মকার, সাদিয়া খাতুন, তারিন আক্তার খুশি, অর্পিতা পাল ও তাসমিম আক্তার এই খেলোয়াড়রা আন্তর্জাতিক ম্যাচ খেলা তো দূরের কথা হকিস্টিকই কখনো ধরেননি। এবার খেলাটা শিখেই চলে গেছেন আন্তর্জাতিক মঞ্চে। গতকাল হংকংয়ের বিপক্ষে প্রথম কোয়ার্টার শক্তিশালী হংকংকে থামিয়ে রেখেছিলেন রিতু খানমরা। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারে গিয়ে গোল হজম করে বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টার এবং চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশের লড়াকু খেলোয়াড়রা লড়াই করেছে হংকংয়ের খেলোয়াড়দের প্রতিরোধ করার জন্য। তারা সফলও হয়েছে। যে কারণে আর কোনো গোলও হজম করতে হয়নি। আফসোস হচ্ছে এখন একমাত্র গোলটি না হলে ম্যাচটা ড্রও হতে পারত। বাংলাদেশের নারী খেলোয়াড়রা চার দিনে তিনটি ম্যাচ খেলল। আগামীকাল চতুর্থ ম্যাচ উজবেকিস্তানের বিপক্ষে।