নোয়াখালীতে তিন প্রাইভেট হাসপাতালকে জরিমানা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৭

জেলা শহর মাইজদীর তিনটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে জরিমানা এবং এক ফার্মাসিস্টকে  গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় অভিযানেকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান শহরের নিরাময় হাসপাতালকে ৬৫ হাজার, শমরিতা হাসপাতালকে ১০ হাজার ও মডার্ন হাসপাতালকে ১৫ হাজার টাকাসহ ৯০ হাজার টাকা জরিমানা করে তা আদায় এবং নিরাময় হাসপাতালের ফার্মাসিস্ট দীপন মজুমদারকে লাইসেন্স ছাড়া মরফিন ও প্যাথেড্রিন রাখার অপরাধে গ্রেফতার করেন। রাতে গ্রেফতারকৃত ফার্মাসিস্ট দীপন মজুমদারকে সুধারাম মডেল থানায় সোপর্দ করা হয় এবং তার বিরুদ্ধে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মো. আনোয়ারুল হক বাদী মামলা দায়ের করেন।  গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাকে আদালতে  প্রেরণ করে।

আদালত সূত্রে জানা যায়, হাসপাতালগুলোতে ডাক্তার, নার্স না থাকা, টেকনিশিয়ান ছাড়া ল্যাব পরিচালনা করা, হাসপাতালের অপারেশন থিয়েটার কক্ষ অপরিচ্ছন্ন, ফার্মেসিতে অনুমোদনবিহীন ওষুধ, মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে  প্রদর্শন, হাসপাতাল-ল্যাব-ফার্মেসি পরিচালনার লাইসেন্সের মেয়াদ না থাকার দায়ে এসব হাসপাতালকে নব্বই হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং মাদকের লাইসেন্স ছাড়া প্যাথেড্রিন ও মরফিন নিজ অধিকারে সংরক্ষণ করার অপরাধে ফার্মাসিস্টকে গ্রেফতার করা হয়েছে। এসব অপরাধজনিত আইনের বিভিন্ন ধারায় হাসপাতালগুলোর বিরুদ্ধে ছয়টি মামলা দায়ের করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আরাফাত হোসেন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা, জেলার ড্রাগ সুপার মো. মাসুদ উজ্জামান খান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মো. আনোয়ারুল হক এবং সুধারাম মডেল থানা পুলিশ।