চট্টগ্রামে চার বিদেশগামী যাত্রীকে অপহরণ করে মুক্তিপণ আদায়

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৯

চট্টগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে চার বিদেশগামী যাত্রীকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ হাতিয়ে নেওয়ার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতভর অভিযান চালিয়ে নগরীর বাকলিয়া থানার লিচু ফ্যাক্টরির গার্ড রুম থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে হাতিয়ে নেওয়া কিছু টাকা উদ্ধার করা হয়েছে। এসময় অপহরণের শিকার মো. বেলাল, ইয়াছিন, বশির আহমদ ও মো. ফারুককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহরণকারীদের পক্ষে রায়হানউদ্দিন নামে এক ব্যক্তি চাঁদাবাজি ও অপহরণের অভিযোগে বাকলিয়া থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতার ব্যক্তিদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। ইত্তেফাককে এসব তথ্য নিশ্চিত করেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নেজাম উদ্দিন।

তিনি জানান, অপহরণের শিকার ব্যক্তিরা বৃহস্পতিবার সকাল ৯টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইটে দুবাই যাওয়ার কথা ছিল। তারা বুধবার বিকালে বাকলিয়ার আব্দুল লতিফ হাটখোলায় মো. শামসুল আলম নামে এক ব্যক্তির বাসায় অবস্থান করছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৮-৯ জনের সংঘবদ্ধ দল ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঐ বাসায় প্রবেশ করে। তারা তল্লাশির নামে বিদেশগামী লোকজনকে ধরে মারধর শুরু করে। এক পর্যায়ে চার জনকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে লিচু ফ্যাক্টরির গার্ড রুমের ভিতর নিয়ে আটকে রেখে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তারা চার জনের পরিবারে ফোন করে দুইটি বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলে।

পরিবারের কাছে অভিযোগ পেয়ে পুলিশ অভিযানে নামে। বাকলিয়ার ডেপুটি রোডস্থ হাফিজ টেলিকম সেন্টারে টাকা নিতে এলে প্রথমে জাহিদুর আলম ও আবু হেলাল নামে দুই জনকে আটক করা হয়। এরপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে মো. সোহাগ, মো. শাকিল, ইব্রাহিম, মো. ইমরান, মো. মুজিব, শওকত আলী ও মো. সাহাব উদ্দিনকে আটক করা হয়। তাদের কাছ থেকে নগদ ৩২ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।