বুকের দুধপান স্তন ক্যানসারের ঝুঁকি কমায়

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৮:৪৮

  নাছিমা খাতুন

 

স্তন ক্যানসার বর্তমানে নারীদের জন্য একটি ঝুঁকিপূর্ণ। এ জন্য নিজেকে সচেতন হতে হবে এবং নিয়মিত ডাক্তার দেখাতে হবে। আর এ ঝুঁকি এড়াতে হলে সন্তানকে নিয়মিত ভাবে বুকের দুধ খাওয়াতে হবে। সম্প্রতি জাতীয় মহিলা সংস্থার আয়োজনে, জাতীয় মহিলা সংস্থার বেগম ফজিলাতুন্নেছা মুজিব অডিটরিয়ামে ব্রেস্ট ক্যানসার বিষয়ে নারীদের সচেতন করার  লক্ষ্যে এক আলোচনায় এ কথা বলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম অ্যাডভোকেট-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, বাংলাদেশ ক্যানসার সোসাইটির প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক সহ মন্ত্রণালয় এবং সংস্থার কর্মকর্তাবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক বেগম জাহানারা পারভীন। 

সচিব নাছিমা বেগম এনডিসি বলেন, সকলকে ব্রেস্ট ক্যানসার সম্পর্কে সচেতন হতে হবে এবং কোনো প্রকার লজ্জা না করে কিছুদিন পর পর  ডাক্তার দেখানোর পরামর্শ দেন। অধ্যাপক মমতাজ বেগম অ্যাডভোকেট বেশি বেশি করে ফলমূল ও আঁশ জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দেন এবং বাল্য বিবাহ প্রতিরোধে সচেষ্ট থাকার আহ্বান জানান। তিনি বলেন, বাল্য বিবাহের ফলে মেয়েদের স্বাস্থ্যগত ঝুঁকি বেশি থাকে।