বঙ্গোপসাগরের চরে ৪০ জেলেসহ দুই ট্রলার আটকা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩২

উত্তাল বঙ্গোপসাগর থেকে তীরে ফেরার পথে এফবি সফুরা-৩ নামের একটি ট্রলার ২০ জেলেসহ ডুবে গেছে। বুধবার শেষ রাতে গভীর সমুদ্রের মাঝে জেগে ওঠা চরবিজয়ের কাছে নিমজ্জিত ট্রলারের সব জেলেকে উদ্ধার করা সম্ভব হলেও ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। এছাড়া ঐ রাতে এফবি সায়েম এবং সুলতান নামের দুটি ট্রলার তীরে ফেরার পথে চরবিজয়ে উঠে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রলার দুটি উদ্ধার কাজ চলছে বলে ট্রলার মাঝি ইউসুফ নিশ্চিত করেছেন।

ইউসুফ মাঝি জানান, রাতে সাগর হঠাত্ উত্তাল হয়ে ওঠায় জেলেরা নিরাপদ আশ্রয়ের জন্য তীরে ফিরতে শুরু করে। সমুদ্রের মাঝে জেগে ওঠা চরে কোনো সিগনাল বাতি না থাকায় ট্রলারগুলো এসে চরে প্রচণ্ডবেগে ধাক্কা খেয়ে এফবি সফুরা-৩ ট্রলারটি নিমজ্জিত হয় এবং অপর দুটি ট্রলার ৪০ জেলেসহ চরে আটকা পড়ে। আটকে যাওয়া ট্রলার দুটি উদ্ধারের চেষ্টা চলছে।