শ্রদ্ধা ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ভাষাসংগ্রামী ও রবীন্দ্রগবেষক ড. আহমদ রফিক। গতকাল বৃহস্পতিবার ছিল এই লেখকের ৯০তম জন্মবার্ষিকী। তার ইস্কাটনের বাসায় ঘরোয়াভাবে এ জন্মদিনের আয়োজন করে প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশ। বিকালে কেক কেটে, মিষ্টিমুখ করে চলে জন্মদিন উদ্যাপনের অনাড়ম্বর আনুষ্ঠানিকতা। তবে সারাদিনই তার ভক্ত, পাঠক ও শুভানুধ্যায়ীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
জন্মদিনে তার প্রত্যাশার কথা বললেন এই ক্ষণজন্মা ব্যক্তিত্ব। তিনি বলেন, ‘পঞ্চাশের দশক থেকেই আমরা একটি শোষণমুক্ত ও বৈষম্যহীন দেশ গড়ার জন্য সংগ্রাম করছি। একটি সুস্থ ও শিক্ষিত সমাজ গড়তে চেয়েছি। সেই সমাজ পরিবর্তনে সমাজ বদলের যে রাজনীতির প্রয়োজন ছিল সেটা হয়নি। এই কারণেই আজও পত্রিকার পাতা ওলটালে শুধু নারী নির্যাতন নয়, শিশুদের নির্যাতনের চিত্রও দেখতে হয়। এমন প্রেক্ষাপটে জনবান্ধব রাজনীতির মাধ্যমে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে। সেই বাংলাদেশ গড়ার দায় সাধারণ মানুষ থেকে শিল্পী, লেখক সবার।’
তাকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলা একাডেমির মহাপরিচালকের পক্ষে একাডেমির পরিচালক ও লেখক মোবারক হোসেন ও কবি পিয়াস মজিদ। অন্যপ্রকাশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান প্রকাশনা সংস্থার প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। সঙ্গে ছিলেন সংস্থার দুই পরিচালক সিরাজুল কবির চৌধুরী ও আবদুল্লাহ নাসের। উপস্থিত ছিলেন আহমদ রফিক ফাউন্ডেশনের সভাপতি কবি মুনীর সিরাজ। এছাড়াও চ্যানেল আই, যুগান্তর, সমকাল, খামখেয়ালীসভাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
আহমদ রফিক রবীন্দ্রগবেষক, প্রাবন্ধিক, কবি ও কলামিস্ট। ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর তিনি কুমিল্লায় জন্ম গ্রহণ করেন। বায়ান্নর ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক তিনি।
