সিলেটের বিভিন্ন সীমান্তপথে অস্ত্র, মাদক ও গরু ব্যবসায়ীরা তত্পর হয়ে উঠেছে। হাতের কাছে মাদক পেয়ে তরুণসমাজ ঝুঁকছে মাদকের দিকে। আর ভয়ংকর সন্ত্রাসীদের কছে যাচ্ছে অস্ত্র। মাঝেমধ্যে অস্ত্র ও মাদক ধরা পড়লেও এদের নিয়ন্ত্রণকারীরা থেকে যাচ্ছে পর্দার আড়ালে। এবার গোয়াইনঘাটের সীমান্তবর্তী বিছনাকান্দি সীমান্তের বিভিন্ন রুট দিয়ে সিলেট হয়ে ঢাকায় অস্ত্র ঢোকার চাঞ্চল্যকর তথ্য জানা গেছে। নতুন এই রুট দিয়ে প্রতি মাসেই অস্ত্রের চালান ঢুকে তা পৌঁছে যায় ঢাকায়। সূত্রমতে, এর বেশিরভাগই ১২ চেম্বারের অত্যাধুনিক রিভলবার। গত মঙ্গলবার সিলেট জেলা পুলিশ দুটি রিভলবারসহ আরব আলী নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করে। গতকাল বুধবার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দীন তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, গত ৫ সেপ্টেম্বর ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে পুলিশ তিনটি অস্ত্রসহ তিন জনকে আটক করে। তাদের মধ্যে দুজন হলেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সহিদ ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনছার মিয়া।
