সম্পদের মালিক হতে ছাত্র রাজনীতি জাতির জন্য অশনি সংকেত -------------মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৫

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বায়ান্নর ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত বাঙ্গালির প্রতিটি দাবি আদায়ে ছাত্র সমাজ আত্মত্যাগ করেছে। বাংলাদেশ স্বাধীন হলেও এখনো অর্থনৈতিক মুক্তি আসেনি। তাই ছাত্র সমাজকে মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করতে হবে। বর্তমানে ছাত্ররা রাজনীতি করেন সম্পদের মালিক হওয়ার জন্য যা জাতির জন্য অশনি সংকেত। ছাত্র নেতাদের দেশ ও জনগণের সেবাই নিজেদের নিয়োজিত করতে হবে। গতকাল বৃহস্পতিবার সাভারস্থ গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ অডিটোরিয়ামে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের তৃতীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি অধ্যাপক ডা. লায়লা পারভীন বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  ডা. এনামুর রহমান এমপি এবং ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি জুয়েল রানা।