নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার আসন্ন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে গতকাল বৃহস্পতিবার দুই চেয়ারম্যান প্রার্থীসহ ৪৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ইউপি চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা মনোনয়নপত্র জমা দেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ ছালাউদ্দিন ভুঁইয়ার মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলহাজ আব্দুল আজিজ, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান তারেক, আওয়ামী লীগ নেতা ওবায়দুল মজিদ জুয়েল, আব্দুল মান্নান মুন্সি, আব্দুল আলিম সরকার, আব্দুল্লাহ আল মামুন, হাজী গোলাম রসুল, আব্দুল হাই, মমিন উদ্দিন বেপারী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলহাজ রমজান আলী, যুবলীগ নেতা ফয়েজুর রহমান, সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মো. মনির হোসেন প্রমুখ।
রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মাহবুবুর রহমান বলেন, মনোনয়নপত্র জমাদানের শেষ দিন গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ ছালাউদ্দিন ভুঁইয়া, স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট কবির হোসেন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন। এছাড়া সদস্য পদে ৩৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন মনোনয়নপত্র জমা দেন। উল্লেখ্য মনোনয়নপত্র বাছাই ১৫ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ২২ সেপ্টেম্বর এবং ভোট গ্রহণ ১৪ অক্টোবর।
