টঙ্গীতে তুরাগ নদে ডুবে মো. আবদুর রহমান নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে গুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুর রহমান ময়মনসিংহ জেলার ভালুকা থানার সিঁথিরচর এলাকার মো. আব্দুল্লাহর ছেলে।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরির প্রধান মো. আশরাফুল ইসলাম জানান, আবদুর রহমান তার বন্ধুদের নিয়ে গুটিয়া এলাকায় তুরাগে গোসল করতে যায়। এসময় সে সাঁকো থেকে কয়েকবার লাফ দেয় নদীতে। শেষ লাফ দিয়ে সে আর উঠতে পারেনি। পরে বন্ধুরা তার আত্মীয়স্বজনকে এ কথা জানালে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরির দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে তার লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।
