কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে মাদক বিরোধী সমাবেশে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নসহ বিভিন্ন এলাকার প্রায় অর্ধশতাধিক চিহ্নিত মাদক ব্যবসায়ীরা আত্মসমর্পণ করেছেন। মাদক ব্যবসায়ীরা সুস্থ্য ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে স্বেচ্ছায় সমাবেশে এসে প্রধান অতিথি কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের হাতে ফুল দিয়ে মাদক সেবন ও মাদক ব্যবসায় সম্পৃক্ত না করার শপথ নিয়েছেন।
সীমান্ত ঘেষা কুড়িগ্রামে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন মাদক ও চোরাচালানের নিরুপদ রুট হওয়ায় এ উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম ও ফুলবাড়ী থানার আয়োজনে বৃহস্পতিবার সন্ধায় উপজেলার বালারহাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পুলিশ সুপার (বিপিএম) মোহাম্মদ মহিবুল ইসলাম খাঁন।
অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার নাগেশ্বরী-ফুলবাড়ী সার্কেল লুৎফর রহমান, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান আলী বাদশা, ফুলবাড়ী থানা কমিউনিটি পুলিশের সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ মজনু,বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান মনির, লালমনিরহাট ১৫ বিজিবির অধীন শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার হারুন-অর-রশিদ, নাওডাঙ্গা ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বন্ধন, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা, ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মইনুল হক প্রমুখ। মাদক বিরোধী সমাবেশ ও শপথ অনুষ্ঠান শেষে এক মাদক বিরোধী সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন : শীর্ষ সন্ত্রাসী শাহাদাৎ স্বাভাবিক জীবনে ফিরতে চায়!
শপথ নেওয়া মাদক ব্যবসায়ী তোফাজ্জল হক ও মমিনুল ইসলাম মামুন জানান, আর নয় মাদক ব্যবসা। আজকের পর থেকে আমরা অন্ধকার পথের সমাপ্তি টানলাম। আজ থেকে আমরা আলোর পথে এসে সুস্থ জীবন-যাপন করবো।
এ প্রসঙ্গে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে কুড়িগ্রাম পুলিশ সুপার (বিপিএম) মোহাম্মদ মহিবুল ইসলাম খাঁন বলেন, আজকে যারা সমাবেশে এসে সুস্থ ও স্বাভাবিক জীবন গড়ার লক্ষ্যে মাদক সেবন ও মাদক ব্যবসা না করার জন্য শপথ নিয়েছেন তাদেরতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। যারা শপথ নিতে আসেননি তাদের অবস্থা সামনে ভয়াভহ। পুলিশ প্রশাসন এ উপজেলাকে মাদক মুক্ত করতে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। এ জন্য তিনি স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
ইত্তেফাক/কেআই
