কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৭

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সুজন মিয়া (৩১) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।  বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার মোল্লাতেঘরিয়া ক্যানেলপাড়ায় এ ঘটনা ঘটে।

 

সুজন মিয়া মোল্লাতেঘরিয়া ক্যানেলপাড়ার আবুল কাশেমের ছেলে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, ৫০ বোতল ফেনসিডিল ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক এসআইসহ চার পুলিশ সদস্য আহত হয়েছে।

আরো পড়ুন : আজ উঠবে মাইক্রো মুন

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, রাত ৩টার মোল্লাতেঘরিয়া ক্যানেলপাড়ায় মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।  পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আহত অবস্থায় একজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে মডেল থানায় মাদক ব্যবসার একাধিক মামলা রয়েছে।

 

ইত্তেফাক/ইউবি