মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 'আমার বিশ্বাস, ইরানের নেতৃত্ব আলোচনা করতে চায়।' বৃহস্পতিবার হোয়াইট হাউজে সাংবাদিকদের তিনি এ কথা জানান। খবর এএফপি’র।
তিনি আরও বলেন, 'জাতিসংঘের আসন্ন অধিবেশনে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সম্মেলনের আয়োজন করার ব্যাপারে আমরা চেষ্টা করছি। আমি আপনাদের বলতে পারি যে ইরান আলোচনা করতে চায়।'
ট্রাম্প আবারও ইঙ্গিত দিয়ে বলেন, 'আমরা প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে আলোচনা করার জন্য প্রস্তুত রয়েছি। তিনি এ মাসে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে এ ব্যাপারে ইতিবাচক কোন সাড়া দেওয়া হয়নি।'
আরও পড়ুন: রাশিয়ার বিরোধী দলীয় নেতা নাভালনিকে লক্ষ্য করে ব্যাপক তল্লাশি
এর আগে, বুধবার ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করে রুহানি বলেছেন, 'আমেরিকানদের অবশ্যই বুঝতে হবে যে শত্রুতা ও উষ্ণতা একত্রে চলতে পারে না। তাদেরকে অবশ্যই এ নীতি পরিত্যাগ করতে হবে।'
উল্লেখ্য, ট্রাম্প ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে নতুন করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করায় গত বছরের মে মাস থেকে চির শত্রু তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চলছে।
বাসস
ইত্তেফাক/জেডএইচডি
