মাদক নিয়ে বিরোধ, পা কেটে ফেললো সন্ত্রাসীরা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৫

বগুড়ায় মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে হাবিল (৪৫) নামে এক সন্ত্রাসীর একটি পা কেটে ফেলেছে অপর সন্ত্রাসী গ্রুপের সদস্যরা। বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বগুড়া শহরতলীর চান্দুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের বাঁশ ঝাড়ে এই ঘটনা ঘটে।  

হাবিল চান্দপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে। তার নামে বগুড়া সদর থানায় ৫টি মাদকের এবং ৩টি সন্ত্রাসী ঘটনার মামলা রয়েছে।

জানা গেছে, মাদক ব্যবসা নিয়ে প্রতিপক্ষ গ্রুপের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে হাবিল ও তার সহযোগীরা চান্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাঁশ ঝাড়ে মাদক সেবন করছিল। এ সময় প্রতিপক্ষের সন্ত্রাসীরা হামলা চালায়। হামলার সময় সহযোগীরা পালিয়ে গেলেও রাম দা দিয়ে কুপিয়ে হাবিলের হাঁটুর নিচ থেকে ডান পা কেটে ফেলে। তার চিৎকারে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করেন। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ এলাকায় তল্লাশি করে হাবিলের কাটা পা উদ্ধার করে।

আরও পড়ুন: রমেক অধ্যক্ষের বিরুদ্ধে দুদকের মামলা, অভিযোগ সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মাদক নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা তার পা কেটে ফেলেছে।  

ইত্তেফাক/অনি