যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমেই সমবায়কে সুপ্রতিষ্ঠিত করা সম্ভব: সমবায় প্রতিমন্ত্রী

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫০

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, 'যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে সমবায়কে সু-প্রতিষ্ঠিত করা সম্ভব। শুক্রবার কক্সবাজারের একটি হোটেলে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি. (কাল্ব) এর উদ্যোগে দুই দিনব্যাপী 'বাংলাদেশ ক্রেডিট ইউনিয়ন ফোরাম-২০১৯' এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'আমাদের যে কাজ-কর্ম তার স্বচ্ছতা, দক্ষতা, জবাবদিহিতা এবং সু-ব্যবস্থার মাধ্যমে এই সমবায়কে পরিচিত করতে হবে। আমি বিশ্বাস করি যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে সমবায়কে সু-প্রতিষ্ঠিত করা সম্ভব। প্রায় দুই লাখ নিবন্ধিত সমবায় সমিতির মধ্যে শ'খানেক সমিতির কিছু ত্রুটি-বিচ্যুতির কারণে সাধারণ মানুষের মধ্যে কিছুটা হলেও নেতিবাচক প্রভাব পড়েছে। আমাদের উচিত হবে শুধু আইনগত নয়, সর্বশক্তি দিয়ে সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা।'

তিনি আরও বলেন, 'সমবায়ের নীতির বিরুদ্ধে একটি শক্তিশালী গ্রুপ বিদ্যমান। সেই পুঁজিবাদী গ্রুপ বঙ্গবন্ধুকে হত্যার পর মাইক্রো ক্রেডিট এর নামে সাধারণ মানুষকে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করেছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিকল্প হিসেবে সমবায়কে আবার জোরদার করেছে।'

আরও পড়ুন:  ‘শুধু ছাত্রদলেরই নয়, বিএনপির তৃনমূলের কাউন্সিলেও বাধা দিচ্ছে সরকার’

কাল্ব চেয়ারম্যান জোনাস ঢাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. আমিনুল ইসলাম, এসোসিয়েশন অব এশিয়ান কনফেডারেশন অব ক্রেডিট ইউনিয়ন (আকু) এর প্রধান নির্বাহী কর্মকর্তা এলিনেটা ভি সানরকে লেনী প্রমুখ।

ইত্তেফাক/জেডএইচডি