টরন্টো প্যাভিলিয়নে ‘জনৈক অভিজ্ঞ দম্পতি’

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৩

বিনোদন রিপোর্ট

 

টরন্টোতে রেলসাইড রোডের টরন্টো প্যাভিলিয়নে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘স্বর্ণালি সন্ধ্যা’। ‘দ্য বিটস অব বাংলাদেশ’ শিরোনামে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠানটির আয়োজন করছে টরন্টো ঢাকা কালচারাল নেটওয়ার্ক। কয়েকদিন আগেই অনুষ্ঠানের আমন্ত্রিত শিল্পীরা টরন্টো পৌঁছান। এই আয়োজনে মঞ্চস্থ হবে নাট্যকার মাসুম রেজা রচিত নাটক ‘জনৈক অভিজ্ঞ দম্পতি’। নাটকটিতে আফজাল হোসেন ও অপি করিম ছাড়াও স্থানীয় নাট্যশিল্পীরা অংশ নেবেন। ‘স্বর্ণালি সন্ধ্যা’র অন্যতম আয়োজক নয়ন হাফিজ ইত্তেফাককে বলেন, ‘প্রবাসের মাটিতে আমাদের সংস্কৃতিকে তুলে ধরার প্রচেষ্টায় এই আয়োজন। গতবছর প্রথম নান্দনিক স্বর্ণালি সন্ধ্যার বর্ণাঢ্য আয়োজন আমাদের এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে।’