চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৫

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় শুক্রবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৩টার সময় চন্দনাইশ-বরকল সড়কের বড়ুয়ার টেক নামক স্থানে পিকআপের চাকায় পিষ্ট হয়ে রতন মজুমদার (৫০) নামের এক ব্যক্তি ঘটনাস্থলে মারা গেছেন। নিহত রতন মজুমদার বরকল ইউনিয়নের পাঠানদণ্ডী হিন্দু পাড়ার মনিন্দ্র মজুমদারের ছেলে। পুলিশ ঘাতক পিক-আপসহ চালক মো. ফারুক হোসেনকে (২৫) আটক করেছে।

অপরদিকে বিকেল ৪টার সময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশস্থ বানিয়া পুকুর সংলগ্ন এলাকায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে সুজন বিশ্বাস (২৬), রাবেয়া বেগম (৪৫), মো. শাহ আলম (৩২) সহ ছয়জন আহত হন। আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চন্দনাইশ থানার ইনচার্জ কেশব চক্রবর্তী ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এসএস