স্পোর্টস রিপোর্টার
বৃহস্পতিবার রাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে ঢাকায়। গতকাল সকাল থেকে দিনভর গুঁড়ি গুঁড়ি বর্ষণ অব্যাহত ছিল। বিকাল ৪টার পর বৃষ্টি থেমেছিল। তারপরই শুরু হয় মাঠ খেলার উপযোগী করার জন্য মাঠ কর্মীদের প্রাণান্ত চেষ্টা। কিন্তু তাদের প্রচেষ্টায় বারবারই বাধা হয়ে দাঁড়িয়েছে প্রকৃতির কান্না। খুব ভারী না হলেও বৃষ্টি অস্তিত্ব নির্ধারিত সময়ে শুরু হতে দেয়নি বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ।
সেই বিকাল থেকে মিরপুর স্টেডিয়ামের গ্যালারিতে অপেক্ষায় ছিলেন দর্শকরা। বৃষ্টি থামতেই হর্ষধ্বনিতে নিজেদের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছিলেন সমর্থকরা। প্রায় সাত মাস পর দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে বাংলাদেশ দল। তাই বৃষ্টি উপেক্ষা করেও সমর্থকরা হাজির হয়েছেন স্টেডিয়ামে।
সন্ধ্যার পর মাঠ তৈরি হয়ে গিয়েছিল। মাঠ পর্যবেক্ষণের সময় ঠিক করা হয়েছিল সন্ধ্যা ৭টা। আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণের পরই আবার বৃষ্টি হানা দেয়। এবারও খুবই হালকা বর্ষণ। কাভার নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিল মাঠ কর্মীদের। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতির উন্নতি হওয়াতে মাঠেই ছিলেন আম্পায়াররা।
পরে ঘোষণা আসে ১৮ ওভারের ম্যাচের। ম্যাচ শুরু হওয়ার সময় ঠিক হয় রাত ৮টায়। টস পৌনে ৮টায়। বৃষ্টির কারণে দেড় ঘণ্টা সময় বিলম্ব হলেও ম্যাচের দৈর্ঘ্য কমেছে মাত্র ২ ওভার। ম্যাচ শুরু হওয়ার সময় ছিল সন্ধ্যা সাড়ে ৬টা। পরে টসে জিতেছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। বাংলাদেশের ৬৪তম ক্রিকেটার হিসেবে টি-২০ তে অভিষেক হলো বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের। আর অভিষেক ম্যাচ খেলতে নেমে প্রথম বলেই উইকেট পান তিনি। একাদশে রাখা হয়েছে আফিফ হোসেন ধ্রুবকেও।
চলতি বছরে বাংলাদেশের এটিই প্রথম টি-২০ ম্যাচ। গতকাল টসের সময় সাকিব বলেছেন, ত্রিদেশীয় সিরিজ দিয়ে আগামী বছর টি-২০ বিশ্বকাপের পরিকল্পনাতেই চোখ রাখছে বাংলাদেশ। বিশ্বকাপের জন্য কিছু ক্রিকেটার খুঁজে পেতে চায় বাংলাদেশ।
ঘরের মাঠে একমাত্র টেস্টে আফগানিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ। চট্টগ্রামে ঐ টেস্টে আফগানদের কাছে পাত্তাই পায়নি সাকিব বাহিনী। সব মিলিয়ে এই ত্রিদেশীয় সিরিজটা বাংলাদেশের জন্য ক্ষত মোচনের সিরিজও বলা চলে।
