আজ প্রতিপক্ষ জিম্বাবুয়ে
স্পোর্টস রিপোর্টার
ক্রিকেটের ক্ষুদে সংস্করণে আফগানিস্তান বরাবরই বেশ ভালো দল। আর গতকাল শুরু হওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে সন্দেহাতীতভাবেই ফেভারিট আফগানরা। আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ে তাদের অবস্থান সাত নম্বরে। যেখানে ত্রিদেশীয় সিরিজের অপর দুই দল বাংলাদেশ ১০ ও জিম্বাবুয়ে ১৪ নম্বরে রয়েছে।
তার ওপর সর্বশেষ চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে হেসে-খেলে হারিয়ে মানসিকভাবে বেশ শক্ত অবস্থানে রয়েছে রশিদ খানের দল। ত্রিদেশীয় সিরিজে আফগানদের মিশন শুরু হচ্ছে আজ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে আফগানিস্তান। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
গতকাল বৃষ্টিস্নাত দিনেও অনুশীলন করেছে আফগানরা। বৃষ্টির কারণে একাডেমি মাঠে অনুশীলন করতে পারেনি তারা। পরে মিরপুর স্টেডিয়ামের ইনডোরেই ঘাম ঝরিয়েছে দলটি। গতকাল বিকালে ইনডোরে প্রস্তুতি সেরেছেন রশিদ-নবীরা।
আফগানদের টেস্ট দলের মাত্র তিন ক্রিকেটার জায়গা পেয়েছেন টি-টোয়েন্টি দলে। অধিনায়ক রশিদ খান, আসগর আফগান ও মোহাম্মদ নবী রয়েছে এই দলে। এর বাইরে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১১ ক্রিকেটার এসেছেন বাংলাদেশে। দলে আছেন বিশ্বকাপের পরই ওয়ানডে দলের অধিনায়কত্ব হারানো গুলবাদিন নাইবও।
