ভিনিসিয়াসে আস্থা জিদানের

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:২২

স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদ আর লেভান্তের মধ্যকার ম্যাচ দিয়ে আবারও মাঠে গড়াচ্ছে লা লিগা। আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে আবারও মাঠে নামার আগে রিয়াল কোচ জিনেদিন জিদান জানালেন তরুণ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের ওপর আস্থা আছে তার।

গেল মৌসুমে রিয়াল মাদ্রিদে আসার পর দলের ঝঞ্ঝাবিক্ষুব্ধ মৌসুম সত্ত্বেও নিজ পারফরমেন্স গুণে নজর কেড়েছিলেন ভিনিসিয়াস।

তবে মৌসুমের শেষ দিকে জিদান ফেরার পর থেকে দলে জায়গা পাওয়াই দুষ্কর হয়ে পড়েছে ব্রাজিলীয় এই ফরোয়ার্ডের।

 জিদান অবশ্য জানাচ্ছেন, ভিনিসিয়াসে পূর্ণ আস্থাই আছে তার, ‘তার প্রতি আমার পূর্ণ আস্থা আছে, এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। সবকিছুই কিছুটা সময় নেয়, এটা ভালো করার পূর্বশর্তও।’

এ ম্যাচ দিয়ে রিয়ালে অভিষেক ঘটতে পারে তারকা ফরোয়ার্ড এডেন হ্যাজার্ডের। তবে এক্ষেত্রে জিদান কিছুটা সতর্কতা অবলম্বন করতে চান, ‘তার ব্যাপারে ধীরে ধীরে এগোতে চাই আমরা কেন না সে তিন সপ্তাহের ইনজুরিতে ছিল। আমরা তাকে দেখতে চাই কিন্তু আমাদের শান্ত থাকতে হবে।’

দিনের অন্য ম্যাচে শিরোপাপ্রত্যাশী অ্যাটলেটিকো মাদ্রিদ আতিথ্য নেবে রিয়াল সোসিয়েদাদের। আগামীকাল রবিবার রাতে নিজ মাঠে ভ্যালেন্সিয়ার বিপক্ষে লড়বে শিরোপাধারী বার্সেলোনা।