বন্ধু সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী
বিশেষ প্রতিনিধি
মাদক, জঙ্গি, সন্ত্রাস ও ধর্ষণ প্রতিরোধে যুব সমাজকে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল শুক্রবার সকালে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে ‘লিজেন্ডস মিটআপ-২০০৯’ নামের এক বন্ধু সম্মেলনে তিনি এ আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তরুণ সমাজই এসব অপতত্পরতার সঙ্গে বেশি জড়িয়ে পড়ছে। তাই তারাই পারে এসব প্রতিরোধে প্রধান ভূমিকা রাখতে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের চিহ্নিত ব্যক্তি-প্রতিষ্ঠান সহযোগিতা করছে। তারা কীভাবে সহযোগিতা করছে তা জানতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। তিনি আরো বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আসছে। তারা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে। এজন্য বেশ কিছু এনজিও ও ব্যক্তি তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত দিচ্ছে। তাদের মাধ্যমেই রোহিঙ্গারা মাদক ব্যবসা, দেশীয় অস্ত্র মজুতসহ নানা ধরনের অপরাধ করছে। এরই মধ্যে সমাবেশও করেছে রোহিঙ্গারা। তারা যেন আর সে সুযোগ না পায় কেউ যেন রোহিঙ্গাদের নেপথ্য থেকে সহযোগিতা করতে না পারে সেজন্য পুলিশ-র্যাব ও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে তদন্ত শুরু হয়েছে। সেক্ষেত্রে কেউ দোষী হলে অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে।
অনুষ্ঠানে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, যুব সমাজকে বিপথগামিতা থেকে রক্ষা করতে হলে খেলাধুলার পরিধি আরো বাড়াতে হবে। সেটা জেলা-উপজেলা-ইউনিয়ন, সর্বোপরি গ্রাম পর্যায়ে পৌঁছাতে হবে। লিজেন্ডস মিটআপ-২০০৯ নামের এই বন্ধু সম্মেলনের আয়োজন করেছে ২০০০ সালে মাধ্যমিক ও ২০০২ সালে উচ্চমাধ্যমিক পাশ করা শিক্ষার্থীরা। পুরোনো বন্ধুদের এক ছাদের নিচে নিয়ে এসে সমাজের জন্য অবদান রাখতেই এ প্লাটফর্ম তৈরি করা হয়েছে বলে জানান আয়োজকেরা।
