সাতক্ষীরায় নদী-খালের বেড়িবাঁধ ও নেট পাটা অপসারণের দাবি

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৯

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় নদী ও খালে ছোটোবড়ো বেড়িবাঁধ দিয়ে ও নেট পাটা ফেলে পানির প্রবাহ বন্ধ করে একশ্রেণির মানুষ মাছের চাষ করছে। ঐ সব বেড়িবাঁধ ও নেট পাটা অপসারণের দাবিতে শুক্রবার সদর উপজেলার বেনেরপোতায় জেলা নাগরিক আন্দোলন মঞ্চ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

এসময় বক্তারা সাত দিনের আলটিমেটাম দিয়ে বলেছেন, পানি সরানোর পথ উন্মুক্ত না করা হলে জনগণ বৈধ-অবৈধ সব ধরনের বেড়িবাঁধ কেটে দিতে বাধ্য হবে। এতে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে জনগণ তার দায় নেবে না।

জেলা নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সুধাংশু শেখর সরকার, অধ্যাপক ইদ্রিস আলী, অ্যাডভোকেট শাহনেওয়াজ, প্রকৌশলী আবেদুর রহমান প্রমুখ।