চলমান রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা
সভায় জেলা প্রশাসক
কক্সবাজার প্রতিনিধি
রোহিঙ্গা ঢলের পর হতে বন্ধ থাকা জন্মনিবন্ধন সার্ভার শিগগিরই খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন। সার্ভার বন্ধ থাকায় স্থানীয়দের নানামুখী দুর্ভোগের কথা উল্লেখ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এ বিষয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ও উখিয়া-টেকনাফের শৃঙ্খলা এবং বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক এ তথ্য জানিয়েছেন।
কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ টি এম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জেলা প্রশাসক বলেন, জমি রেজিস্ট্রি, পাসপোর্ট, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ও ভোটার হওয়াসহ নানা প্রয়োজনীয় কাজে জন্মনিবন্ধন অত্যাবশ্যকীয়। কিন্তু ২০১৭ সালে রোহিঙ্গা ঢলের পর রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে জন্মনিবন্ধন সার্ভার বন্ধ করা হয়। এরপর থেকে স্থানীয়রা চরম ভোগান্তি পোহাচ্ছিল। জেলা প্রশাসক আরো বলেন, কঠোরভাবে পর্যবেক্ষণ ও যাচাইয়ের পরই জন্মনিবন্ধন সরবরাহ করতে জনপ্রতিনিধিদের প্রতি অনুরোধ জানান তিনি।
সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শ্রাবস্তী রায়, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, অতিরিক্ত আরআরআরসি মো. সামশুদ্দোহা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহজাহান আলী, ডিজিএফআইয়ের লে. কর্নেল রুবাইয়াত, কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান, উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী, টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, ইউএনও উখিয়া নিকারুজ্জামান চৌধুরী, টেকনাফের ইউএনও রবিউল হাসান, টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ ও উখিয়া থানার ওসি আবুল মনসুরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
