নবীগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ৪

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪১

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। তবে এখনো পলাতক রয়েছে হামলায় জড়িত শাহ সোহান আহমেদ মুসা। এ ঘটনায় শুক্রবার দুপুরে একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ উল্লাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ শহরের সালামতপুর এলাকায় তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামি খুর্শেদ মিয়ার ছেলে সোহানুর রহমান মুসাকে গ্রেফতার করতে তার দোকানে পুলিশ অভিযান চালায়। এ সময় মুসাসহ তার সঙ্গীয় কয়েকজন দোকান থেকে ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে। হামলায় ওসি (তদন্ত) উত্তম কুমার এবং এসআই ফখরুজ্জামানসহ দুই জন কনস্টেবল গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দুই পুলিশ কর্মকর্তাসহ কনস্টেবলদের আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

রাতেই অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত মুসার মা শামছুন্নাহার, বোন মৌসুমী আক্তার, তান্নি আক্তার ও শাম্মি আক্তারকে আটক করে। এ ঘটনায় এসআই ফিরোজ আহম্মেদ বাদি হয়ে শুক্রবার দুপুরে একটি মামলা দায়ের করেছেন।

নবীগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন জানান, মুসা একজন তালিকাভুক্ত সন্ত্রাসী এবং ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলায় পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করতে তার দোকানে অভিযান চালালে সে অতর্কিত হামলা চালায়। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। ইতিমধ্যে চার জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।