বাকৃবিতে পোল্ট্রি শিল্প নিয়ে আলোচনা সভা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪২

বাকৃবি (ময়মনসিংহ) সংবাদদাতা

বর্তমানে বাংলাদেশের মোট মাংসের চাহিদার ৫৪ শতাংশ পূরণ করছে পোলট্রি শিল্প। এদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পোলট্রি শিল্প বিশেষ অবদান রাখছে। তবে সঠিক পরিচালনা ও জীবনিরাপত্তা নিশ্চিত না হওয়ায় এই শিল্পে সংকট পরিলক্ষিত হচ্ছে। সরকার সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করে পোলট্রি মনিটরিং বোর্ড, নিয়মবর্হিভূত ফিড মিল বন্ধ করা, উদ্যোক্তাদের রেজিস্ট্রেশনের আওতায় এনে সুযোগসুবিধা প্রদান, বাজারজাতকরণে পরিকল্পনা, জীবনিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্ব দিলে এই শিল্প জাতীয় অর্থনীতি ও মাংসের চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা রাখবে। সরকার উদ্যোগ নিলে ২০২৫ সালের মধ্যে এদেশে উত্পাদিত পোলট্রি আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা সম্ভব।

শুক্রবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে আয়োজিত সিম্পোজিয়ামে আলোচক হিসেবে এসব কথা বলেন নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের পরিচালক মো. শামসুল আরেফিন খালেদ।

বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘পোলট্রি প্যাথলজি ফিল্ড ট্রিপ: হ্যান্ডস অন প্রাকটিস অ্যান্ড ডিজেজ ইনভেস্টিগেশন’ শীর্ষক ওই সিম্পোজিয়ামের আয়োজন করে প্যাথলজি বিভাগ। সিম্পোজিয়ামে প্যাথলজি বিভাগের প্রধান ড. মোহাম্মদ নূরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. নাজিম আহমদ।