পশ্চিমবঙ্গ পুলিশের এডিজি সিআইডি রাজীব কুমারকে গ্রেফতার করার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল, তা প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। এর ফলে তাকে গ্রেফতার করার ক্ষেত্রে সিবিআইয়ের কোনো বাধা রইল না। আর্থিক কেলেঙ্কারির মামলায় তদন্তে অসহযোগিতার কারণে রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। আবেদন করে গ্রেফতারির ওপর স্থগিতাদেশ পেয়েছিলেন তিনি। গতকাল শুক্রবার তা প্রত্যাহার করা হয়েছে। এরপরই শনিবার তাকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে সিবিআই। এর আগে রাজীব কুমারকে শিলংয়ে নিয়ে গিয়ে দীর্ঘ জেরা করেছিল সিবিআই। তাদের অভিযোগ, জেরায় বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেছে। সিবিআই সূত্রে খবর, জেরায় হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হতে পারে।
