আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আজ শনিবার দোয়া ও কোরআন তিলওয়াতের আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। এতে লক্ষাধিক যুবক অংশ নেবেন বলে জানা গেছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচিতে দোয়া-কোরআন তিলওয়াতের পাশাপাশি রক্তদান কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে এই প্রথমবারের মতো কোনো সহযোগী সংগঠনের পক্ষ থেকে মাসব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ শনিবার এই কর্মসূচি পালন করা হবে। যদিও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে তাদের সাংগঠনিক শক্তির জানান দিতে চায় বলে জানা গেছে। কারণ হিসেবে সংগঠনের নেতারা বলছেন, বিএনপি নেতারা সরকার বিরোধী আন্দোলনের হুমকি দিচ্ছেন। আমরা সোহরাওয়ার্দীতে লক্ষাধিক যুবকের সমাগম ঘটিয়ে বুঝাতে চাই বিএনপিকে মোকাবিলা করতে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগই যথেষ্ট।
