আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে একাদশ জাতীয় নির্বাচনে যশোর-২ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির। শুধু প্রার্থিতা প্রত্যাহার নয় আসন্ন নির্বাচনে এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অবঃ) ডা. নাসির উদ্দীনের পক্ষে তিনি কাজ করবেন বলে জানিয়েছেন।
এই নির্বাচনে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবার অংশ নিচ্ছে জোটগতভাবেই। এই আসন থেকে সাবেক সাংসদ জামায়াতে ইসলামীর জেলা নায়েব-এ-আমির আবু সাঈদ মুহম্মদ শাহাদাৎ হুসাইন এবার ‘ধানের শীষ’ নিয়ে নির্বাচন করবেন। ফলে আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপির লড়াই হাড্ডা-হাড্ডি হবে বলে মনে করছেন এলাকাবাসী।
জানতে চাইলে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া এমপি মনিরুল ইসলাম মনির বলেন, ‘নেত্রীর সিদ্ধান্তই আমি চূড়ান্ত বলে মনে করি। তিনি যাকে মনোনয়ন দিয়েছেন তার পক্ষেই কাজ করবো। ব্যক্তির চেয়ে দলের স্বার্থ আমার কাছে সবসময়ই বড়।’
তিনি আরো বলেন, ‘ঝিকরগাছা-চৌগাছার উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আমরা নৌকার প্রার্থী নাসির উদ্দীনের পক্ষে জোটবদ্ধ হয়ে কাজ করবো। দেশের উন্নয়নে, এলাকার উন্নয়নে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনার বিকল্প নেই। উন্নয়নের ধারা রক্ষায় নৌকার জন্য সবার কাছে ভোট চাই।’
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা আনোয়ার পাশা জামাল, সহসভাপতি বাদশা চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওলিয়ার রহমান, ডেপুটি কমান্ডার শাহাজান আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক দত্তসহ প্রমুখ নেতৃবৃন্দ।
আরো পড়ুন: মনোনয়ন বঞ্চিতদের যথাযথ মর্যাদা দেওয়া হবে: কাদের
চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান কবির, পৌর মেয়র নূর উদ্দীন আল-মামুন হিমেল, উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, মুক্তিযোদ্ধা কমান্ডার শওকত আলীও একই কথা জানান।
তারা বলেন, অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির সপ্তাহে সাত দিন, একদিন ঝিকরগাছায়, একদিন চৌগাছায় এলাকায় থেকে মানুষের আপদে-বিপদে পাশে থেকেছেন। গত ৫ বছরে এই দুই উপজেলায় যে উন্নয়ন হয়েছে, স্বাধীনতার পরে কখনও তা হয়নি। এমপি মনির দলের সব নেতা-কর্মীকে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন। আমরা সবাই নৌকার পক্ষে কাজ করবো।
ইত্তেফাক/বিএএফ
