ফারাজ ফুটবলে ২২টি দল

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৮

স্পোর্টস রিপোর্টার

আবার শুরু হতে যাচ্ছে ফারাজ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। গত বছর ১৪ দল খেলেছিল। এবার দল বেড়ে হয়েছে ২২টি। গতকাল এ দলগুলোকে নিয়ে সোনালী অতীত ক্লাবের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। জানিয়ে দেওয়া হয় ২২ দল ৮ গ্রুপে খেলবে। দল বেড়ে যাওয়ায় খরচাও বেড়েছে। তাতে সমস্যা হবে না বলে জানিয়েছেন টুর্নামেন্টের সদস্য সচিব সাবেক তারকা স্ট্রাইকার শেখ মো. আসলাম। তিনি খুশি দল বেড়েছে। কারণ আরো বেশি খেলোয়াড়রা মাঠে আসবে।

তিনি বলেন, ‘কয়েক শত তরুণ ফুটবলার মাঠে আসার সুযোগ পাচ্ছে এই টুর্নামেন্টের মধ্য দিয়ে। সবাই ফুটবলার হবে না। তবে তরুণ সমাজ যত বেশি খেলায় থাকবে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, অসামাজিক কর্মকাণ্ড কমবে। খেলাধুলায় শিক্ষার্থীদের মেধা বিকাশের পথও তৈরি করবে।’ দলগুলোকে নিয়ে ম্যানেজারস মিটিং হয়। উপস্থিত ছিলেন সাবেক সোনালী অতীত ক্লাবের সভাপতি সাবেক মিডফিল্ডার হাসানুজ্জামান খান বাবলু প্রমুখ।