প্রধানমন্ত্রী কাল সারদায় আসছেন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল রবিবার বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৬তম বিসিএস পুলিশ সদস্যদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে যোগ দিতে রাজশাহীর সারদায় আসছেন। এদিন বেলা ১১টায় পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে তিনি অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করবেন। 

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে সারদা পুলিশ একাডেমি সেজেছে নতুন সাজে। সমাপনী কুচকাওয়াজ উপলক্ষে রং বেরঙের পতাকা, বেলুন, ফেস্টুন ছাড়াও একাডেমির ভেতরে-বাইরে সবখানেই লেগেছে নতুনের রূপ। কঠোর নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে সারদা পুলিশ একাডেমিসহ আশপাশের এলাকা। পরিপাটি করে সাজানো হয়েছে একাডেমির ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ড।

বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার সিনিয়র সহকারী পুলিশ সুপার সাহাবুদ্দিন আহমদ জানান, রবিবার ৩৬তম বিসিএস পুলিশ সদস্যদের সমাপনী কুচকাওয়াজ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে গত কয়েক মাস ধরে একাডেমি কর্তৃপক্ষ অবিরাম চেষ্টা চালিয়ে অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

আরও পড়ুন: চাতালের ধান খাওয়ায় বিষ দিয়ে মারা হলো পাখিগুলো

আশপাশে গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। সেখানে দায়িত্ব পালন করছেন আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন ইউনিটের সদস্যরা। সাদা পোশাকে বিভিন্ন মোড়ে দায়িত্ব পালন করছেন প্রশাসনের বিভিন্ন দফতরের সদস্যরা। 

একাডেমির ঐতিহাসিক প্যারেড মাঠে সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন দফতরের কর্মকর্তা, মন্ত্রী ও সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

ইত্তেফাক/অনি