ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে মনিরুল ইসলাম নামে এক স্কুলশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে শৈলকুপা উপজেলার শেখপাড়া রাহাতন নেছা গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাকিলাদহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুল ইসলাম নিজেকে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে শৈলকুপার রাহাতন নেছা গার্লস স্কুল অ্যান্ড কলেজে অডিট করতে যায়। এ সময় কলেজের শিক্ষকদের কাছে টাকা দাবি করে। তার আচরণ সন্দেহজনক হলে শিক্ষকরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশের কাছে মনিরুল ইসলাম নিজের দোষ স্বীকার করে। এ ঘটনায় শৈলকুপা থানায় মামলা হয়েছে।
