লাইটার জাহাজের ১৪ নাবিককে হস্তান্তর নৌ বাহিনীর

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৯

বঙ্গোপসাগরে নিমজ্জিত লাইটার জাহাজের উদ্ধার হওয়া ১৪ নাবিককে নির্ধারিত কোম্পানি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সাঙ্গু কর্তৃপক্ষ। 

শনিবার দুপুরে নাবিকদের নিয়ে উপজেলার লালুয়া ইউনিয়নের চাড়িপাড়া সংলগ্ন রাবনাবাদ চ্যানের নোঙ্গর করা নৌ জাহাজ সাঙ্গু থেকে নাবিকদের হস্তান্তর করা হয়। নৌ জাহাজ সাঙ্গুর অধিনায়ক মো. ইমতিয়াজ হোসাইনসহ উদ্ধারকারী নৌ সদস্যরা বেলা দুইটায় খুলনা নেভাল প্রভোস্ট মার্শালের মাস্টার চিফ প্যাঁটি অফিসার মো. নাজমুল ইসলামের কাছে হস্তান্তর করেন। তিনি নাবিকদের নিমজ্জিত লাইটার জাহাজের কোম্পানির লজিস্টিক ম্যানেজার মো. নুরুজ্জামানের কাছে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন।

আরও পড়ুন: চাতালের ধান খাওয়ায় বিষ দিয়ে মারা হলো পাখিগুলো

নিমজ্জিত জাহাজের ক্যাপ্টেন কাজী আবদুল্লাহ আল মুহিত বলেন, গত বৃহস্পতিবার আমরা পায়রা বন্দরে রাবনাবাদ চ্যানেলে আশ্রয় নিতে আসার পথে উত্তাল সাগরের ঢেউর তাণ্ডবের শিকার হই। পায়রা সমুদ্র বন্দরের ‘ফেয়ারওয়ে বয়ার’ কাছাকাছি পৌঁছলে এমভি গলফ আরগোর একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢেউয়ের তাণ্ডবে জাহাজটির একাংশ কাত হয়ে যায়। তখন জাহাজের সকল নাবিক একটি কক্ষে আশ্রয় নিয়ে ৯৯৯ নম্বরে ফোন করে নৌবাহিনীর সহায়তা কামনা করা হয়। গতকাল শুক্রবার যখন জাহাজটি নিমজ্জিত হয়ে যায় তখন নৌবাহিনীর সাঙ্গু জাহাজের সদস্যরা দুটি নৌযানের মাধ্যমে আমাদের ১৪ জন নাবিককে উদ্ধার করে চিকিৎসা সেবা দিয়ে আমাদের সুস্থ করে তোলেন। আজ আমরা আমাদের পরিবারের সদস্যদের কাছে যাচ্ছি।

ইত্তেফাক/অনি