মিরপুরে আফগান ব্যাটিং ঝড়

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৪

প্রত্যাশিত ব্যাটিং ঝড় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে আফগানিস্তান। গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আফগান ব্যাটসম্যানরা তুলোধোনা করেছেন জিম্বাবুয়ের বোলারদের। ওপেনিংয়ে রহমানউল্লাহ গুরবাজের পর মিডল অর্ডারে নাজিবউল্লাহ জাদরান ও মোহাম্মদ নবী বিস্ফোরক ব্যাটিং করেন। তাদের ব্যাটে ভর করে ৫ উইকেটে ১৯৭ রানের বড় স্কোর গড়েছে আফগানিস্তান।

বিশাল টার্গেট তাড়া করতে নেমে বিপাকে পড়েছে জিম্বাবুয়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬ ওভারে তিন উইকেটে ৪২ রান তুলেছে মাসাকাদজা বাহিনী। টসে হারা আফগানরা উড়ন্ত শুরু পায় রহমানউল্লাহ গুরবাজের ব্যাটে। ২৪ বলে ৪৩ রান করেন তিনি। হজরত উল্লাহ জাজাই (১৩), নাজিব তারাকাই (১৪), আসগর আফগান (১৪) সুবিধা করতে না পারলেও মিডল অর্ডারে তোপ দাগান নাজিব উল্লাহ জাদরান ও নবী। ১৫ ওভারে আফগানদের স্কোর ১০৯ রান। নাজিবউল্লাহ, নবীর ঝড়ে শেষ ৫ ওভারে ৮৮ রান যোগ করে দলটি। দুই ব্যাটসম্যান মিলে টানা সাত বলে ৭টি ছক্কা মেরেছেন। গোটা ইনিংসে আফগানরা মেরেছে ১৫টি ছক্কা।

নাজিবউল্লাহ ২২ বলে করেছেন হাফ সেঞ্চুরি। ৩০ বলে অপরাজিত ৬৯ রান (৫ চার, ৬ ছয়) করেন তিনি। নবী ১৮ বলে চারটি ছক্কায় ৩৮ রান করেন। জিম্বাবুয়ের টেন্ডাই চাতারা ও শন উইলিয়ামস দুটি করে উইকেট নেন।