ইটনায় ট্রলার ডুবে মা-ছেলেসহ তিন জনের মৃত্যু

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৫

গতকাল শনিবার বিকালে কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত ইটনা উপজেলার বর্শীকুড়া বাজারঘাটে ইঞ্জিনচালিত যাত্রীবাহী ট্রলার ডুবে মা-ছেলেসহ তিন জনের সলিল সমাধি ঘটে। নৌকাটি তাড়াইল উপজেলা সদর থেকে যাত্রী নিয়ে ইটনা উপজেলার ধারায় যাচ্ছিল। যাত্রী নামানোর জন্য বর্শীকুড়া বাজারঘাটে ভেড়ানোর সময় পাড়ে ধাক্কা লেগে নৌকাটি উলটে ডুবে যায়। নৌকার ছাউনির বাইরে থাকা লোকজন পানিতে লাফ দিয়ে সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। স্থানীয় লোকজন নৌকাটি পানি থেকে তুলে পাড়ে ভিড়িয়ে ছাউনির ভেতর থেকে ইটনা উপজেলার শিমলা-বর্শীকুড়া গ্রামের মো. রাজন মিয়ার স্ত্রী মোসাম্মত্ ইয়াসমিন (৩০) ও তার ছেলে ইয়াসিন মিয়ার (৭) লাশ এবং গন্ধবপুর গ্রামের জব্বার হোসেনের স্ত্রী আছিয়া খাতুনকে (৫৫) মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ইটনা থানার ওসি মো. মুর্শেদ জামান জানান, মরদেহ আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।