দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, ওপর তলার দুর্নীতি ধরাছোঁয়ার বাইরে :মেনন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৫

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, দুর্নীতি আর বৈষম্য দূর করলেই কেবল সকল স্তরের মানুষ উন্নয়নের প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত হতে পারেন। সরকারি কর্মচারীদের ওপরতলার সঙ্গে নিচতলার এত বড়ো বৈষম্য স্বাভাবিকভাবেই সরকারি কর্মকাণ্ডে প্রভাব ফেলে। অন্যদিকে, দুর্নীতির দায়ে নিম্নস্তরের কর্মচারীরা হেনস্থায় পড়ে। অথচ ওপরতলার যে দুর্নীতি তা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। কার্যত দুর্নীতি এখন একেবারেই প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। বাংলাদেশকে এগিয়ে যেতে হলে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। গতকাল শনিবার বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয়            প্রতিনিধি সম্মেলন ২০১৯-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেনন আরো বলেন, সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য ব্যাপক। যা কর্মচারীদের হতাশ করেছে। জনবল নিয়োগে সরকারের আউট সোর্সিং প্রথার তীব্র বিরোধিতা করে তিনি বলেন, এটি সরকারি কর্মচারীদের জন্য সম্মানজনক নয়। রাজধানীর তোপখানা রোডস্থ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে সংগঠনের সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রতিনিধি সভায় গণকর্মচারীদের পাঁচ দফা দাবি তুলে ধরেন সংগঠনের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরুল আহসান।