দিনাজপুরে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন করে মুখে বিষ ঢেলে হত্যা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৫

যৌতুকের টাকা দিতে না পারায় নির্যাতনের পর গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ব্যাপারে নিহত গৃহবধূর বাবা আব্বাস আলী বাদী হয়ে কাহারোল থানায় আঁখি মনির শ্বশুর এনামুল হক, শাশুড়ি আনজু আরা ও স্বামী রজমান আলীর বিরুদ্ধে মামলা করেছেন।

আঁখি মনির (১৮) বাবার বাড়ি বিরল উপজেলার ৯ নম্বর মঙ্গলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) মাহাতাবপুর গ্রামে। তার স্বামী রমজান আলীর বাড়ি পার্শ্ববর্তী কাহারোল উপজেলার ৪ নম্বর তারগাঁও ইউপির   বাইচপুর লোহাগাঁও গ্রামে।

জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় আশঙ্কাজনক অবস্থায় আঁখি মনিকে শ্বশুরবাড়ির লোকজন পার্শ্ববর্তী বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিষ খেয়েছে বলে ওয়াশ করার পর তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে আবারও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে রাত ১১টায় চিকিত্সাধীন অবস্থায় মারা যায়।

আব্বাস আলী মামলায় উল্লেখ করেন, বেশ কিছুদিন ধরে রমজান আলী ৮০ হাজার টাকার জন্য আঁখি মনিকে নির্যাতন করে আসছিল। বৃহস্পতিবার বিকালে যৌতুকের জন্য তারা আমার মেয়েকে নির্যাতন করে। একপর্যায়ে আঁখি মনি জ্ঞান হারিয়ে ফেললে মৃত ভেবে তার মুখে বিষ ঢেলে দেওয়া হয়।

আব্বাস আলী বলেন, রমজান এর আগেও দুটি বিয়ে করেছিল। এক বছর আগে রমজান ঢাকায় বড়ো চাকরির প্রলোভন দেখিয়ে মেয়েকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে। এলাকাবাসী জানান, রমজান আলী আনসার ভিডিপিতে চাকরি করেন। তিনি বর্তমানে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত আছেন।

কাহারোল থানার ওসি আইয়ুব আলী জানান, আঁখি মনিকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে এরকম একটি খবর আমরা শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।