ছোট্ট এক পাটি জুতো। যেগুলো কাঠের তৈরি। ৭০ বছর আগে হারিয়ে যাওয়া জুতোটি আবিষ্কার করেছে পোল্যান্ডের স্থানীয় একটি সংস্থা। তবে শুধু পুরোনো বলেই যে আবিষ্কারটি ভিন্নরকম তা নয়, কাঠ থেকে খোদাই করে তৈরি জুতোর পাটিটির মালিক ছিলেন এক নারী, যাকে নািস বাহিনী অশউইজ ডেথ ক্যাম্পে হত্যা করেছিল।
অশউইজ-বারকেনাউ’র কাছে অবস্থিত স্মৃতিবিজড়িত স্থানগুলো অনুসন্ধান ও সংরক্ষণের কাজে নিয়োজিত ফাউন্ডেশন অব মেমোরি সাইটস (এফপিএমপি)-এর প্রধান অ্যাগনিয়েজকা মোলেন্ডা জানান, জুতোটি সম্ভবত একটি গয়নার অংশ। একে চমত্কার একটি শিল্পকর্ম বলে উল্লেখ করেন তিনি।
মোলেন্ডা বলেন, ‘জুতোটি মাত্র ৭ মিলিমিটার লম্বা এবং একটা ছোট চেইনের মাথায় ঝুলানো। যা দেখে বোঝা যাচ্ছে, ডেথ ক্যাম্পে আটকদের একজন এটাকে গয়না হিসেবে পরতো।’ তবে গয়নার মালিক সেই নারীর নাম পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
জুতোটি চলতি মাসেই খুঁজে পেয়েছে মোলেন্ডার সংস্থা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ড দখলের পর অশউইজে মূল ডেথ ক্যাম্পটি তৈরি করে জার্মান নািস বাহিনী। ওই ক্যাম্পের পাশে বুডিবরে অবস্থিত অশউইজ উপ-শিবিরে একটি ভবনের চিলেকোঠায় মেরামত কাজ করার সময় গহনার টুকরোটি পাওয়া যায়।
