মো. মতিউর রহমান, স্টাফ রিপোর্টার, দিনাজপুর
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১২টি ইউনিয়নের সর্বত্র মানুষ বৃষ্টির কারণে দুর্ভোগ পোহাচ্ছে। পানি জমে কাঁচা রাস্তাগুলোর হাঁটু ভর্তি কাদায় পরিপূর্ণ। উপজেলার বিভিন্ন কাঁচা রাস্তায় পা দেওয়ার জায়গা নেই।
চলাচলের অনুপযোগী হয়ে গেছে। এদিকে কৃষি কাজের পাওয়ার টিলার, হেরো, ট্রলি, মোটরসাইকেল, রিকশাসহ ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তার বেশিরভাগই নষ্ট হচ্ছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, নশরতপুর, আব্দুলপুর, বাসুদেবপুর গ্রামের অধিকাংশ কাঁচা রাস্তা চলাচলে জনদুর্ভোগের শেষ নেই। এদিকে রোগবালাইয়ের সংক্রামণ, ব্যবসাবাণিজ্যের স্বাভাবিকতায় বিঘ্নতা সৃষ্টির মাধ্যমে মানুষের জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।
উপজেলার নশরতপুর ইউনিয়নের বারজামাত গ্রামের আব্দুল হামিদ, রেজাউল ইসলাম, জয়নাল আবেদীন বলেন, দারিদ্র্যতা আমাদের নিত্যদিনের ঘটনা। আমরা রিকশাভ্যান চালাই উপজেলার বিভিন্ন হাটবাজারে। কয়েকদিনের টানা বৃষ্টিতে রাস্তাঘাটের অবস্থা চিন্তা করে বাড়ি থেকে বের হওয়া মুশকিল হয়ে গেছে। আমাদের উপার্জন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম।
