সাতকানিয়ায় যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৯

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের সাতকানিয়ায় বিলের মধ্যে ডোবার পানিতে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত যুবকের নাম মো. শফিউল আলম (৩৫)। তিনি উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া ব্যবসায়ী পাড়ার মৃত নুরুল হকের ছেলে। নিহতের বড়ো ভাই মাস্টার জয়নাল আবেদীন বলেন, স্থানীয়রা আমাকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ভাইয়ের লাশ শনাক্ত করি।

এ ব্যাপারে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, গত শনিবার ফুটবল খেলারত ছেলেরা ডোবা থেকে বল তুলতে গেলে এক যুবকের লাশ দেখতে পায়। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে ঘটনার সত্যতা বের হবে। নিহতের স্বজনরা রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা করেনি।