ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মো. আব্দুর রউফ বলেছেন, কৃষি পণ্যের মূল্য থেকে শুরু করে সব ক্ষেত্রে প্রতিযোগিতা থাকলে দেশের মোট দেশজ উত্পাদন (জিডিপি) ২ থেকে ৩ শতাংশ বাড়বে। তিনি বলেন, সব ক্ষেত্রে প্রতিযোগিতা থাকতে হবে। ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ী সংগঠেনের মধ্যে প্রতিযোগিতা আছে কি না সেটাও দেখতে হবে। গতকাল রবিবার ‘প্রতিযোগিতায় প্রবৃদ্ধি : বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। রাজধানীর পল্টনে ইআরএফ কার্যালয়ে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তব্য রাখেন বাণিজ্য সচিব শফিকুল ইসলাম, প্রতিযোগিতা কমিশনের পরিচালক মো. খালেদ আবু নাছের, মো. মঞ্জুরুল করিম ইআরএফ সভাপতি সাইফুল ইসলাম দিলাল প্রমুখ। মো. আব্দুর রউফ বলেন, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের মূল উদ্দেশ্য হলো একটি প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টির লক্ষ্যে বাজারসংশ্লিষ্ট সকলকে সচেতন করা, সম্পৃক্ত করা ও আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে একটি সুষ্ঠু ব্যাবসায়িক পরিবেশ গড়ে তোলা। বাণিজ্য সচিব শফিকুল ইসলাম বলেন, প্রতিযোগিতা না থাকলে মনোপলি সৃষ্টি হবে। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের যে পণ্য আছে সেখানেও প্রতিযোগিতা থাকতে হবে।
