ড্রোন হামলার পর উপসাগরীয় দেশে শেয়ারবাজারে পতন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৭

ইত্তেফাক রিপোর্ট

তেল স্থাপনায় ড্রোন হামলার পর সৌদি আরবের শেয়ারবাজারে পতন লক্ষ করা গেছে। রবিবার দেশটির প্রধান পুঁজিবাজার তাদাউল আল-শেয়ার ইনডেক্স ৩ শতাংশ কমে গেছে। দিনের শুরুতে প্রধান সূচক ২০০ পয়েন্টের বেশি কমে যায়। এক ঘণ্টার লেনদেনে সূচক দেড় শতাংশ পর্যন্ত কমে যায়। শনিবার সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত দুটি প্রধান তেল প্রক্রিয়াজাত কেন্দ্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে করে তেল উত্পাদনে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করা হয়েছে। এই দুটি কেন্দ্রে প্রতিদিন ৫৭ লাখ ব্যরেল অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন করা হতো। এর পাশাপাশি ২ বিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলিত হতো। গতকাল রবিবার সৌদি আরবে জ্বালানি খাতের শেয়ার দর কমেছে ৪ দশমিক ৭ শতাংশ। এর পাশাপাশি টেলিকম এবং ব্যাংকিং খাতের শেয়ার দর কমেছে প্রায় ৩ শতাংশ। শুধু সৌদি আরবেই নয়, উপসাগীর দেশের শেয়ারবাজারেও নিম্নমুখী প্রবণতা লক্ষ করা গেছে। গতকাল দুবাইয়ের প্রধান শেয়ার বাজারের দর পতন হয়েছে ১ দশমকি ১ শতাংশ। আবুধাবি এবং কাতারের শেয়ারবাজারে পতন হয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। কুয়েতে কমেছে শূন্য দশমিক ৮ শতাংশ। বাহরাইনে কমেছে শূন্য দশমিক ৯ শতাংশ। অবশ্য ওমানের শেয়ারবাজারে অপরিবর্তিত অবস্থা লক্ষ করা গেছে।