আজ জাতীয় ভ্যাট দিবস

নতুন আইনে ভ্যাট হারের একাধিক স্তর থাকবে

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ২২:০২

ইত্তেফাক রিপোর্ট

আগামী অর্থবছরের ১ জুলাই হতে বাস্তবায়ন হতে যাওয়া নতুন ভ্যাট আইনে একাধিক স্তর রাখা হবে। ঢালাওভাবে সব পণ্যের ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করা হবে না। আইন বাস্তবায়নের আগে ব্যবসায়ীদের সুপারিশের ভিত্তিতে সংশোধন করা হবে। গতকাল রবিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে এনবিআরের নেওয়া কার্যক্রম তুলে ধরতে এ সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। 

এনবিআর চেয়ারম্যান বলেন, ১৯৯১ সালের ভ্যাট আইনটি ভালো ছিল। তবে নতুন আইনে এটিকে আরো যুগোপযোগী করা হয়েছে। বিশ্বের অনেক দেশে ১৫ শতাংশের বেশি ভ্যাট আছে। তবে আমাদের প্রেক্ষাপটে একক হার ১৫ শতাংশ নির্ধারণ করলে কঠিন সমস্যা হবে। সাধারণ মানুষের ওপর যাতে অতিরিক্ত করের বোঝা না চাপে সে জন্য একাধিক হার করা হবে।  তিনি আরো বলেন, বাজেটে রাজস্ব আয়ের উচ্চাভিলাসি লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। জনসচেতনতা বাড়িয়ে এ লক্ষ্যমাত্রা আদায় সম্ভব। ভ্যাটে প্রচুর ফাঁকি আছে। জনগণ ভ্যাট দেয়, কিন্তু ব্যবসায়ীরা সেটা যথাযথভাবে সরকারি কোষাগারে জমা দেয় না।

অটোমেশন চালু করলে ভ্যাট আদায় আরো কয়েকগুণ বাড়ানো সম্ভব বলে মনে করেন তিনি। ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) ও অনলাইনে রিটার্ন দাখিল চালু হলে উভয় দিকে হয়রানি-দুর্নীতি কমবে। ব্যবসায়ীরা যেমন তথ্য গোপন করতে পারবে না, তেমনি কর্মকর্তাদেরও ঘুষ-দুর্নীতির সুযোগ থাকবে না।

আজ জাতীয় ভ্যাট দিবস :‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’—এ স্লোগান নিয়ে আজ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ভ্যাট দিবস এবং ১০-১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালন করবে এনবিআর। ২০১১ সাল থেকে ভ্যাট দিবস পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পৃথক পৃথক বাণী দিয়েছেন।