ইত্তেফাক রিপোর্ট
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সবুজবাগ সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শিক্ষা ক্যাডার কর্মকর্তা ফওজিয়াকে প্রেষণে অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল রবিবার এ-সংক্রান্ত আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
দীর্ঘদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে প্রতিষ্ঠান চললেও গত এপ্রিলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। গত ২৬ এপ্রিল ভিকারুননিসা নূন স্কুলে অনুষ্ঠিত অধ্যক্ষ নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ ওঠায় ২৯ এপ্রিল অধ্যক্ষ নিয়োগ কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। প্রতিষ্ঠানটিতে ভর্তি ও অধ্যক্ষ নিয়োগে দুর্নীতির আলোচনার মধ্যেই প্রতিষ্ঠানের বাইরে থেকে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হলো। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বে ছিলেন সহকারী অধ্যাপক ফেরদৌসী বেগম।
