ইত্তেফাক রিপোর্ট
বিয়ের প্রস্তাব দিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। দণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মো. খাদেম উল কায়েস গতকাল রবিবার এ রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডিত ব্যক্তি হলেন টাঙ্গাইলের মির্জাপুরের সিংজুড়ির গৌর চন্দ্র সরকারের ছেলে অপূর্ব সরকার (৩২)। বিচারের শুরু থেকেই আসামি পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে অপূর্ব সরকার এক নারীকে রাজধানীর মালিবাগের একটি প্রশিক্ষণ ইনস্টিটিউটের একটি কোর্সে ভর্তি করে দেন। প্রশিক্ষণ শেষে তাকে চাকরি দেওয়ার ও বিয়ে করার প্রতিশ্রুতি দেওয়া হয়। ২০১১ সালের ১১ এপ্রিল ট্রেনিং ইনস্টিটিউট থেকে মেয়েটিকে তার বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে মহাখালী এলাকায় নিয়ে যায় অপূর্ব। সেখানে একটি হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে তারা উঠেন। পরে অপূর্ব সরকার তাকে কয়েক দফায় ধর্ষণ করে। কিন্তু পরবর্তীকালে মেয়েটি বিয়ের জন্য চাপ দিলে ঐ বছরের ১৩ এপ্রিল ঢাকেশ্বরী মন্দিরে নিয়ে তার সিঁথিতে সিঁদুর পরিয়ে বলা হয় বিয়ে হয়ে গেছে। ২০১৩ সালের ৭ মার্চ স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকার করে আসামি। এ ঘটনায় ঐ বছরের ২১ মার্চ ট্রাইব্যুনালে ধর্ষণের অভিযোগে মামলা করেন ঐ নারী।
