ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি ও ভর্তি জালিয়াতির ‘ভূত তাড়াতে’ গতকাল রবিবার অভিনব কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষা ছাড়াই ছাত্রলীগের ৩৪ নেতাকে ভর্তির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের পদত্যাগের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় উপাচার্যের বাসভবন, ব্যবসায় শিক্ষা অনুষদ, ডাকসু ভবনসহ গুরুত্বপূর্ণ মোড়ে আগুন জ্বালিয়ে অভিনব পন্থায় ‘ভূত তাড়ানোর’ মহড়া দেয় শিক্ষার্থীরা।
ভূত তাড়ানোর মিছিলে শিক্ষার্থীরা ‘ভূত তাড়াবো, ভূত তাড়াবো, ঢাবি ভিসির ভূত তাড়াবো, ডিনের ভূত তাড়াবো, জিনাত হুদার ভূত তাড়াবো’ ইত্যাদি স্লোগান দেয় ও প্রতিবাদ সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে। এ সময় তিনটি দাবি জানায় শিক্ষার্থীরা। এগুলো হলো:যারা অবৈধভাবে ভর্তি হয়েছেন তাদের ছাত্রত্ব ও ডাকসুর পদ বাতিল করে স্থায়ী বহিষ্কার, ডাকসুর খালি পদগুলোতে দ্রুত উপনির্বাচন দেওয়া এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও উপাচার্যের পদত্যাগ । বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, দুর্নীতি এবং জালিয়াতির যে ভূত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর ভর করেছে সে ভূত তাড়ানোর জন্য আমরা বিক্ষোভ মিছিল করেছি। এর মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং বাণিজ্য অনুষদের ডিনসহ রোকেয়া হলের প্রাধ্যক্ষ জিনাত হুদার পদত্যাগ দাবি করছি। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন, ফারুক হাসান, বিন ইয়ামিন মোল্লা এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন, রোকেয়া হলের শিক্ষার্থী দীপ্তি ও ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী।
