মানিকগঞ্জ পৌরসভার নবনির্মিত পাকা রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি ও খুঁটিতে টানা দেওয়া তার রেখেই সড়ক পাকা করা হয়েছে। ফলে উক্ত এলাকায় যানবাহন চলাচলে মারাত্মক ভোগান্তি পোহাচ্ছে স্থানীয়রা। পৌরসভার গাফলতির কারণে এরকম ভোগান্তির উন্নয়ন হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।
মানিকগঞ্জ পৌরসভার এ রাস্তাটি কাটাখালি থেকে ১টি ছিদ্দিকনগর পর্যন্ত ও আরেকটি রায়পাড়া পর্যন্ত পাকা করা হয়। এ বছরে মাস খানেক পূর্বে থেকেই সড়কটির নির্মাণকাজ শুরু হয়েছে। বেশির ভাগ কাজ হয়ে গেছে কিছুটা বাকি আছে। এমন অবস্থায় পাকা রাস্তায় এক সারিতে ৩টি বৈদ্যুতিক খুঁটি ও টানার তার রেখেই রাস্তা পাকা করা হয়েছে। খুঁটি এখনো অপসারণ করা হয়নি ফলে সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ।
মানিকগঞ্জ পৌরবাসী জানান, চলাচলের জন্য সম্প্রতি সড়কটি নির্মাণ করে মানিকগঞ্জ পৌরসভা। সড়কটি দিয়ে পূবদাশড়া মানুষ সদরের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন হয়। কিন্তু যান চলাচলের জন্য নির্মিত সড়কটির মাঝখানে বৈদ্যুতিক খুঁটি থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
স্থানীয় মিনাল চন্দ্র ঘোষ জানান, সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি থাকলে যানবাহন চলবে কিভাবে। সড়কের মাঝখানে থাকা বৈদ্যুতিক খুঁটি দ্রুত অপসারণ করা জরুরি। যে অবস্থায় বৈদ্যুতিক খুঁটি ও টানার তার দেওয়া আছে এতে কোন যানবাহন যাওয়ার মত অবস্থা নেই।
এইভাবে থাকলে যে কোন সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।
রাস্তাটির নির্মাণের সাব-কন্টাকটার জাকির হোসেন জানান, এলাকাবাসী বিদ্যুতের খুঁটির সরিয়ে নেওয়ার ব্যাপারে অভিযোগ দিয়েছে। মেয়র সাহেব বিদ্যুৎ অফিসে বলছে। তাড়াতাড়ি রাস্তা থেকে খুঁটি সরিয়ে নেওয়া হবে বলে বিদ্যুৎ অফিস জানিয়েছে।
মানিকগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন জানান, বিদ্যুতের খুঁটির ব্যাপারে বিদ্যুৎ অফিসকে বলা হয়েছে। তারা দেখে গেছে অতি দ্রুত বিদ্যুতের খুঁটি সরিয়ে নেওয়া হবে।
ইত্তেফাক/আরকেজি
