ট্রফি নিতে পেরে উচ্ছ্বসিত পেইন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৪

স্পোর্টস রিপোর্টার

বলা হচ্ছে ২০০৫ সালের পর থেকে সবচে টানটান অ্যাশেজ শেষ হলো এবার। শেষটা হলো ইংল্যান্ডের জয় দিয়ে। কিন্তু এই জয় অস্ট্রেলিয়ার কাছ থেকে উত্সবটা কেড়ে নিতে পারছে না।

খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছিল অস্ট্রেলিয়া। সেই অবস্থায় ইংল্যান্ডে এসে সদ্য বিশ্বকাপ জয়ী দলের সঙ্গে সিরিজ ড্র করা এবং অ্যাশেজ ট্রফি দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া; এটা অস্ট্রেলিয়ার জন্য যথেষ্ট ভালো ফলাফল। বিশেষ করে সিরিজ জুড়ে যে আধিপত্য তারা দেখিয়েছে, সেটাতে যথেষ্ট খুশি দলের অধিনায়ক টিম পেইন।

বার্মিংহামে প্রথম টেস্ট জিতেছিল অস্ট্রেলিয়া। এরপর লন্ডনে ড্র করে দুই দল। লিডসে এসে বেন স্টোকসের অতিমানবীয় ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার কাছ থেকে জয় ছিনিয়ে আনে ইংল্যান্ড। ম্যানচেস্টারে আবার অস্ট্রেলিয়া জয় পায়। আর শেষ টেস্টে ওভালে ১৩৫ রানে জিতেছে ইংল্যান্ড।

ওভালে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ৩৯৯ রানের লক্ষ্যে ব্যাট করছিল অস্ট্রেলিয়া। এই ইনিংসে প্রথমবারের মতো চলতি অ্যাশেজে ব্যর্থ হয়েছেন স্টিভেন স্মিথ। যদিও পরের দিকে এসে ম্যাথু ওয়েড ১১৭ রানের ইনিংস খেলেছিলেন। কিন্তু তাতে পরাজয় এড়াতে পারেনি অস্ট্রেলিয়া। অলআউট হয়েছেন তারা ২৬৩ রানে।

এই সিরিজ ড্র হওয়ার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দুই দলেরই পয়েন্ট এখন ৫৬ করে। ১২০ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে ভারত। এই সিরিজ ড্র হওয়ার পর পেইন বলছিলেন, শেষ ম্যাচ পরাজয়ে তারা হতাশ। কিন্তু সবমিলিয়ে সিরিজের ফলাফলে তারা খুবই সন্তুষ্ট, ‘এই খেলাটা (শেষ টেস্ট) উত্সবের ওপর একটু পানি ঢেলে দিয়েছে। কিন্তু সবমিলিয়ে আপনি যদি সিরিজের আগে আমাকে বলতেন যে, আমরা ছাইদানিটা (অ্যাশেজ) ফিরিয়ে নিয়ে যেতে পারব, তাতে আমি আনন্দে লাফ দিয়ে উঠতাম। সেটাই ঘটেছে।’

এই সিরিজটা লেখা থাকবে স্মিথের নামে। প্যাট কামিন্স, স্টুয়ার্ট ব্রড নিজেদের সেরা পারফরম্যান্স করেছেন। কিন্তু স্মিথ ইতিহাসে নাম লিখিয়ে ফেলেছেন।

নিজের সাবেক অধিনায়কের এই অবিশ্বাস্য পারফরম্যান্স নিয়ে পেইন বলছিলেন, ‘প্রত্যেকের উন্নতি করতে হয়। স্টিভ তো বিশ্বের সেরা খেলোয়াড়। তারপরও সে উন্নতি করছে। আমরা যখনই চিন্তা করব যে, আমাদের আর উন্নতির দরকার নেই, তখনই আমরা ভুল করতে শুরু করব। এই পুরো সিরিজটায় আমাদের অনেক ভালো সময় এসেছে। যেখানে সম্প্রতি অস্ট্রেলিয়ার ভালো কোনো সাফল্য ছিল না।’